রমজানে কাপ্তাই পর্যটনে ব্যবসায় সংকট, বেতন দিতেও হিমশিম খাচ্ছেন মালিকরা


আলমগীর মানিক    |    ১২:৪০ এএম, ২০২৬-০২-২৬

রমজানে কাপ্তাই পর্যটনে ব্যবসায় সংকট, বেতন দিতেও হিমশিম খাচ্ছেন মালিকরা

রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অতীতে এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে অনেক পর্যটক কাপ্তাই ও আশপাশের বিনোদন কেন্দ্রে ঘুরতে আসতেন।

তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন—পর্যটন স্পটগুলো প্রায় ফাঁকা পড়ে রয়েছে, কোথাও যেন নীরবতা বিরাজ করছে।

কাপ্তাইয়ের জনপ্রিয় রিসোর্ট ও পর্যটন কেন্দ্র নিঃসর্গ পড হাউসসহ বিভিন্ন বিনোদন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছেন, রমজান মাসে প্রত্যাশিত পর্যটক না আসায় ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে।

প্রতিষ্ঠানের পরিচালক সরোয়ার হোসেন ও আফছার উদ্দিন জানান, পর্যটক কম থাকায় আয়-রোজগার বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এতে কর্মচারী ও স্টাফদের নিয়মিত বেতন পরিশোধ করতেও হিমশিম খেতে হচ্ছে।

তাদের ভাষ্যমতে, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের আগমন খুবই কম। ব্যবসা চাঙ্গা করতে এবং ঈদকে সামনে রেখে মালিকপক্ষ নিজস্ব বিনোদন কেন্দ্রগুলো নতুন সাজে সাজাচ্ছে।

রঙিন আলোকসজ্জা, পরিবেশ উন্নয়ন ও আকর্ষণীয় প্রস্তুতির মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, রমজান শেষে ঈদের সময় পর্যটকের আগমন বাড়বে এবং তখন ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়াবে বলে তারা আশাবাদী।