খাগড়াছড়িতে ইয়াবাসহ সাজু মিয়া গ্রেফতার


অহিদুল ইসলাম অভি    |    ০৭:০৬ পিএম, ২০২৬-০১-২৩

খাগড়াছড়িতে ইয়াবাসহ সাজু মিয়া গ্রেফতার

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সাজু মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পরে তাকে হাতেনাতে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, আটককৃত সাজু মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৩, তারিখ: ২৩/০১/২০২৬)। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, সাজু মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১১টির বেশি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে কয়েকটি চলমান রয়েছে এবং কিছু মামলা এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।