ইটভাটা মালিক সমিতির পক্ষভুক্তির আবেদন নামঞ্জুর হাইকোর্টের


আলমগীর মানিক    |    ১২:২৭ এএম, ২০২৫-১২-১৬

ইটভাটা মালিক সমিতির পক্ষভুক্তির আবেদন নামঞ্জুর হাইকোর্টের

অবৈধ ইটভাটা উচ্ছেদ সংক্রান্ত জনস্বার্থের রিট মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হায়দার খান কর্তৃক দাখিল করা পক্ষভুক্তির আবেদন খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ মজিবর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে বিভিন্ন জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। হিউম্যান রাইট এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরএইচআরপিবি) দায়ের করা এসব রিটের বিরুদ্ধে ইটভাটার মালিকরা আপিল বিভাগে আপিল করলেও ২০২১ সালে তা খারিজ হয়ে যায়।

বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় আবারও অনেক অবৈধ ইটভাটা কার্যক্রম শুরু করতে যাচ্ছে—এমন সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে এইচআরএইচআরপিবি সম্পূরক আবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে পূর্বে প্রদত্ত আদেশ কার্যকরের বিষয়ে প্রশাসনের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং কমপ্লায়েন্সের জন্য আগামী ১৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

এই আদেশ বাস্তবায়নে প্রশাসন চট্টগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করলে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি হাইকোর্টে এসে উক্ত রিট মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানায়।

শুনানিতে ইটভাটা মালিক সমিতির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম পলাশ যুক্তি উপস্থাপন করে বলেন, ইট প্রস্তুতকারী মালিকদের সঙ্গে সরকারের একাধিক বৈঠকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে অনেক ভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় সেগুলোও উচ্ছেদের আওতায় পড়ছে। এসব বিষয় আদালতের সামনে উপস্থাপনের জন্য মামলায় পক্ষভুক্ত হওয়া প্রয়োজন।

অপরদিকে রিটকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, ইটভাটা মালিকরা ইতিপূর্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছিলেন, যা শুনানি শেষে খারিজ হয়েছে। বর্তমানে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকায় সেটিতে বাধা সৃষ্টি করতেই মালিক সমিতি পক্ষভুক্ত হওয়ার চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, একই ধরনের যুক্তিতে অন্য একটি মামলায় আদালতের আদেশ মডিফিকেশনের আবেদনও করা হয়েছিল।

শুনানি শেষে আদালত পক্ষভুক্তির আবেদন নামঞ্জুর করে বলেন, সংশ্লিষ্ট রিট মামলা অবৈধ ইটভাটা সংক্রান্ত। অথচ আবেদনকারী সংগঠনটি লাইসেন্সপ্রাপ্ত ইটভাটা মালিকদের সংগঠন হওয়ায় এই মামলায় তাদের পক্ষভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, এর আগেও বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট আদেশের মাধ্যমে অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেছিলেন।