আলমগীর মানিক | ০১:০৯ এএম, ২০২৬-১০-১৮
পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তরুণ মোঃ সাইমুন ইসলাম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অবদানের জন্য বাংলাদেশ সরকারের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তিনি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন সাইমুন।
তিনি রাঙামাটি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন যুব সংস্থার রাঙামাটি সদর উপজেলা প্রধান সমন্বয়কারী। তাঁর এই অর্জনে গর্বিত সংগঠনটির সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের কাছে সাইমুনের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের তরুণদের সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি।
স্বপ্নবুনন যুব সংস্থার অন্যতম কর্নধার নূর তালুকদার মুন্না এক মন্তব্যে বলেন, উদ্যমী, সৃজনশীল ও পরিচ্ছন্ন মানসিকতার অধিকারী সাইমুন ইসলাম তাঁর কর্মদক্ষতা, সুদূরপ্রসারী পরিকল্পনা, ত্যাগ, নিষ্ঠা এবং মানবকল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে এই অর্জনকে সম্ভব করেছেন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, আন্তরিকতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সাইমুন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা বিভাগে নির্বাচিত দুজনের একজন।
সাইমুন ইসলামের এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, পরিশ্রম ও মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে ‘স্বপ্নবুনন’সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে কাজ করে আসছেন তিনি।
শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে তরুণদের বিকাশ, নেতৃত্ব তৈরির পাশাপাশি তাঁদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন সাইমুন। দীর্ঘদিনের উদ্যোগ, অভিজ্ঞতা ও অর্জনের সমন্বয়ে তৈরি হয়েছে তাঁর ৬৯ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রোফাইল। উপজেলা ও জেলা পর্যায়ের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার মধ্য দিয়ে তাঁর কাজের স্বীকৃতি মিলেছে।
ভৌগোলিকভাবে দুর্গম রাঙামাটিতে থেকে জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনকে নিজের জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সাইমুন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, পরিকল্পনা, নিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থাকলে প্রত্যন্ত অঞ্চলের তরুণেরাও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন।
সাইমুন ইসলাম জানিয়েছেন, তাঁর এই অর্জনের পেছনে রয়েছে পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা। যাঁরা বিভিন্ন সময়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সাইমুনের এই সাফল্য রাঙামাটির তরুণদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে তরুণদের কার্যকর অংশগ্রহণ যে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেতে পারে, তাঁর অর্জন সেই বার্তাই তুলে ধরে।
সাইমুন আশা করেন, এই সম্মাননা তাঁর দায়িত্ববোধ আরও বাড়াবে এবং মানুষের কল্যাণে কাজ করার নতুন প্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও তরুণদের দক্ষতা বিকাশে কাজ চালিয়ে যেতে চান তিনি।
এরআগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা যাবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগকে কাজে লাগাতে হবে।
তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার স্টার্টআপ তহবিল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আলমগীর মানিক : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলà¦...বিস্তারিত
আজগর আলী খান : শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্য...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছেà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited