থানচিতে পর্যটকবাহী নোহা খাদে পড়ে নিহত ২, আহত ৫


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৮ পিএম, ২০২৬-১০-০৫

থানচিতে পর্যটকবাহী নোহা খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার পাঁচজনের একটি দল নোহা গাড়িতে করে আলীকদম হয়ে পর্যটনকেন্দ্র তিন্দুর দিকে যাচ্ছিলেন। পথে আগোয়াপাড়া এলাকায় নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনাস্থলটি ৩৮ বিজিবির অধীন টেন্ডুমুখ ক্যাম্পের এলাকায় হওয়ায় খবর পাওয়ার পরপরই বিজিবির একটি টহল দল উদ্ধার কাজে যায় বলে জানা গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার অহিদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। বর্তমানে সড়কে আছি।”

বলিপাড়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত বলেন, তিন্দু সড়কে নোহা গাড়ি উল্টে দুই পর্যটক নিহত ও তিনজন আহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।