সাজেকে দীপঙ্কর তালুকদারের উন্নয়নের ছোঁয়া মেলেনি—দীপন তালুকদার দীপু


মেহেদী হাসান    |    ১০:৩৬ পিএম, ২০২৬-০৯-২৮

সাজেকে দীপঙ্কর তালুকদারের উন্নয়নের ছোঁয়া মেলেনি—দীপন তালুকদার দীপু

সাজেকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের কোনো উন্নয়নের ছোঁয়া মেলেনি বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

‘ডিজিটাল সংযোগ ও টেকসই উন্নয়নে অগ্রগামী পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।

সাজেকে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, রাঙামাটি পার্বত্য জেলাকে পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছে রাঙামাটিকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পর্যটন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈঠক ও আলোচনা করা হচ্ছে।

রাঙামাটির পর্যটন সম্ভাবনা নিয়ে গবেষণার কাজও এগিয়ে চলছে। দীপন তালুকদার দীপু আরও বলেন, রাঙামাটিতে আসা অনেক পর্যটক একদিন অবস্থান করেই ফিরে যান।

পর্যটকদের অন্তত দুই দিন রাঙামাটিতে অবস্থানের সুযোগ সৃষ্টি করতে পর্যটন সুবিধা আরও বিস্তৃত ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, রাঙামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের সেবা বৃদ্ধি এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাজেকের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করার বিষয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাজেকে রোড শো, বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, ফটোগ্রাফি প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাশাপাশি কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তথ্যবিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ এবং জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা।

বিকেলে সাজেক হেলিপ্যাড প্রাঙ্গণে স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে কালচারাল এক্সচেঞ্জ ট্যুরিজমের অংশ হিসেবে আমন্ত্রিত মণিপুরী শিল্পীদের বিশেষ নৃত্য ও মৃদঙ্গ পরিবেশনও ছিল।

আয়োজকরা জানান, সাজেকের প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি ও জনগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।