রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন


আলমগীর মানিক    |    ১১:৫৫ পিএম, ২০২৬-০৮-২৪

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শ্রেষ্ঠ ওসি মো. জসীম উদ্দীনকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

এ সময় তিনি জনবান্ধব পুলিশিং আরও জোরদার, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করা এবং মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মদক্ষতার জন্য জেলার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখা পুলিশ সদস্যদেরও সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় চলমান অভিযান আরও জোরদার করা হবে।

বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম, মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করতে জনবান্ধব পুলিশিংকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মো. জসীম উদ্দীনের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে রাঙামাটি কোতোয়ালি থানার চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।