বান্দরবানে অবৈধ পাহাড় কাটার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৩ পিএম, ২০২৬-০৮-০৩

বান্দরবানে অবৈধ পাহাড় কাটার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকায় প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে সুমন বড়ুয়া (৫৬) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ওই এলাকায় প্রাকৃতিক পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’-এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে সুমন বড়ুয়ার বিরুদ্ধে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে কোনো ধরনের পাহাড় কাটার কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বান্দরবান সদর থানা পুলিশ।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য, পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আদায় ও সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করার মধ্য দিয়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।