কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেফতার ৭


অহিদুল ইসলাম অভি    |    ০৭:১৯ পিএম, ২০২৬-০৯-২৩

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেফতার ৭

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬)  রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক-সংক্রান্ত অভিযোগে ছয়জন এবং সিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক কারবারের অভিযোগে গ্রেফতার চারজন হলেন সাইদুল মোল্লা (৩৮), মো. তৌহিদুল ইসলাম (৪১), মনির হোসেন (২৮) ও রায়হান চৌধুরী শামীম (৪০)।

সাইদুল মোল্লা ঢাকার শ্যামপুর থানার সাবেক মেম্বার, অলুর বাড়ী, নতুন ওয়াসা রোড এলাকার বাসিন্দা। তার বর্তমান ঠিকানা হিসেবে রাঙামাটির বরকল থানাধীন কটকটিছড়ির মোহাম্মদপুরের বোটের কর্মচারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। মো. তৌহিদুল ইসলাম রাঙামাটি শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার বাসিন্দা। মনির হোসেন রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চম্পকনগর এলাকার এবং রায়হান চৌধুরী শামীম ঢাকার বাংলা বাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে লিটন চাকমা (৩৫) ও রিকেল চাকমা (২৮) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। লিটন চাকমার বাড়ি রাঙামাটি শহরের হাসপাতাল রোডের রোমান স্টুডিও সংলগ্ন এলাকায় এবং রিকেল চাকমার বাড়ি নোয়ামনি পাড়ায় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, সিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. ইলিয়াছ (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাঙামাটি সদর থানাধীন তবলছড়ি নিচের বাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেফতার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।