রাঙামাটিতে ইউছুফ চৌধুরীর উদ্যোগে যুবদলের ৭ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু


মনির হোসেন    |    ০৯:২১ পিএম, ২০২৬-০৯-১৪

রাঙামাটিতে ইউছুফ চৌধুরীর উদ্যোগে যুবদলের ৭ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় রাঙামাটিতে ৭ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার বিকেলে রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন, মাতৃমঙ্গল ও এসপি অফিস সংলগ্ন সড়ক থেকে নতুন বাস স্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা, মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, ডেঙ্গু প্রতিরোধে ওষুধ প্রয়োগ এবং সাধারণ পথচারীদের মধ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
রাঙামাটি জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী  মোঃ
ইউছুফ চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করেন এবং মশার বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে মো. ইউছুফ চৌধুরী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।”
তিনি বলেন, “এ কর্মসূচি ৭ দিনব্যাপী চলবে। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনে ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে রাঙামাটি জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা তৈরিতে কাজ করেন।
যুবদলের নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।