‎রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ পরিদর্শন ও মতবিনিময়


সোহেল রানা    |    ০৮:১৩ পিএম, ২০২৬-০৯-১২

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ পরিদর্শন ও মতবিনিময়

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী রাঙামাটি জেনারেল হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, রোগীদের সেবার পরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

‎সভায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী প্রতিটি রোগীর জন্য মানসম্মত ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

‎তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোগী ও স্বজনদের সঙ্গে আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা।