“ফুটবলের মাঠে এক হবে পাহাড়” রাঙামাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ


আলমগীর মানিক    |    ০৬:৫৯ পিএম, ২০২৬-০৯-০৪

“ফুটবলের মাঠে এক হবে পাহাড়” রাঙামাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। রাঙামাটি জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, খেলাধুলা মানুষের মধ্যে বিভেদ দূর করে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বকে আরও গভীর করে। ফুটবল মাঠে ধর্ম, জাতি কিংবা সম্প্রদায়ের পরিচয়ের কোনো বিভেদ থাকে না; সেখানে সবাই খেলোয়াড়। প্রতিযোগিতার মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

একই সঙ্গে তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। তাদের মতে, মাদকের কুফল থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। আর সেই লক্ষ্যেই তরুণদের মাঠমুখী করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার বার্তা দিতে চায় এই আয়োজন।

রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ–২০২৬-এর মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আয়োজকরা জানান, ‘খেলার মাঠে প্রতিযোগিতা, মাঠের বাইরে সম্প্রীতি’ এই মূল বার্তাকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী হয়, সেটিই তাদের প্রত্যাশা।

তাদের প্রত্যাশা, রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ একটি সফল ও উৎসবমুখর আয়োজন হিসেবে জেলার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের নতুন বার্তা ছড়িয়ে দেবে।

টুর্নামেন্ট সফল করতে প্রশাসন, ক্রীড়াপ্রেমী মানুষ, গণমাধ্যমকর্মীসহ রাঙামাটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা; মাঠে হোক প্রতিযোগিতা, তরুণ সমাজ থাকুক মাদক থেকে দূরে এবং মাঠের বাইরে গড়ে উঠুক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।