বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ, আমবাগানে শ্রমিককে কুপিয়ে হত্যা


বান্দরবান প্রতিনিধি    |    ১২:১৬ পিএম, ২০২৬-০৮-২২

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ, আমবাগানে শ্রমিককে কুপিয়ে হত্যা

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি আমবাগানে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. নাসির (১৯) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত নাসির কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। অভিযুক্ত মানিক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার সকালে আটজন শ্রমিক ইউসুফ ও আবছার নামে দুই ব্যবসায়ীর আমবাগানে কাজ করতে আসেন। বাগানে কাজ করার সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অন্য শ্রমিকরা একাধিকবার তাদের বিরোধ মিটিয়ে দেন।

শুক্রবার বিকেলে আট শ্রমিক আমবাগানে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজে বের হন। একপর্যায়ে নাসির ও মানিক অন্যদের থেকে কিছুটা সামনে চলে যান। পরে বাগানের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় পেছন থেকে এসে মানিক ধারালো দা দিয়ে নাসিরের ঘাড়ে কোপ দেন বলে সঙ্গে থাকা শ্রমিকরা জানিয়েছেন।

এতে নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে আটক করতে গেলে মানিক আমবাগান থেকে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আমবাগানের শ্রমিক মো. ফারুক, রবিউল করিম, মো. জাহেদুল ইসলাম, মো. মীর কাশেম, দেলোয়ার হোসেন ও কায়ছার জানান, নাসির ও মানিকের মধ্যে আগে থেকেই মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ ছিল। তারা কয়েকবার তাদের ঝগড়া থামিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। শুক্রবার বিকেলে আবারও একই বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক নাসিরকে পেছন থেকে দা দিয়ে কোপ দেন।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো ও ইউপি সদস্য মেংথাং ম্রো জানান, বিকেলের দিকে আমবাগানে কাজ করার সময় দুই শ্রমিকের মধ্যে মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া হয়। পরে একজন শ্রমিক আরেকজনকে কোপ দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তারা আরও জানান, আমবাগানটি ২০ লাখ টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য ইউসুফ ও আবছার সওদাগরের কাছে ইজারা দেওয়া হয়েছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ির অর্ণব জানান, দুই শ্রমিকের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগেও বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই একজন শ্রমিককে অন্যজন হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মানিককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।