কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা


ঝুলন দত্ত    |    ০৭:২৯ পিএম, ২০২৬-১০-২১

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ র‍্যালি ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাই উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিমা কর্ণফুলী নদীতে বিসর্জন দেওয়া হয়।

এ সময় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে কর্ণফুলী নদীর দুই পাড়।

দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। উৎসবমুখর পরিবেশের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

তিনি বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এ উৎসবে সব সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে অংশ নেন। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বছর সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন।

কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন সমন্বয় কমিটির সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং সংগীতশিল্পী প্রদীপ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা ও শাশ্বত চাকমা রিংকু, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মহাজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে, সহসভাপতি রনতোষ মল্লিক, সদস্য মৃদুল ধর ও পংকজ তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য এবং কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক জগদীশ দাশ।

স্বাগত বক্তব্য দেন সমন্বয় কমিটির সদস্যসচিব ও কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় শিবু জলদাসের মনোমুগ্ধকর ঢোলবাদন এবং নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে।

বর্ণাঢ্য নৌ র‍্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।