রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৮ জন আটক


মেহেদী হাসান    |    ০৮:২৫ পিএম, ২০২৬-১০-১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৮ জন আটক

রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পিস্তল ও গুলিসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, চুরি, যৌতুক ও নারী নির্যাতন মামলার আসামি, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং অবৈধ অস্ত্রধারীদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রিজার্ভ বাজার এলাকার মো. হাসান (১৯) ও মো. রুবেল (২৪), কলেজ গেট এলাকার মো. রায়হান (২০), তবলছড়ি এলাকার মো. শাকিল হাওলাদার (২৭), ভেদভেদী এলাকার মো. রিমন আহমেদ দিপু (৩৬), আমানতবাগ এলাকার মো. জসিম উদ্দিন (৫৭), খাগড়াছড়ির মহালছড়িতে বসবাসকারী লক্ষী চন্দ্র চাকমা ওরফে নিধান চাকমা (৩৪) এবং রাঙামাটির রাজবন বিহার এলাকার অমর জ্যোতি চাকমা (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাসানকে মাদকসেবী এবং রুবেলকে মাদক কারবারের অভিযোগে আটক করা হয়। রায়হান ও শাকিলকে চুরির অভিযোগে, রিমন আহমেদ দিপুকে যৌতুক ও নারী নির্যাতনসংক্রান্ত মামলায় এবং জসিম উদ্দিনকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে লক্ষী চন্দ্র চাকমা ও অমর জ্যোতি চাকমাকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়।

অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার করা অস্ত্র, গুলি ও মোটরসাইকেলের বিস্তারিত বিবরণ পৃথকভাবে জানানো হয়নি।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।