সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, উন্মুক্ত সব পর্যটনকেন্দ্র


নাজিম আল হাসান    |    ০৮:২৮ পিএম, ২০২৬-১০-১৫

সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, উন্মুক্ত সব পর্যটনকেন্দ্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর ২০২৬ জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে সাজেক ভ্যালিতে ভ্রমণে আগ্রহী পর্যটকেরা আবারও সেখানকার পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এ গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পাহাড়, মেঘ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত ঘোষণার ফলে সাজেকে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করা হচ্ছে।