খাগড়াছড়িতে পুলিশ মেধা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২৬-১০-১৫

খাগড়াছড়িতে পুলিশ মেধা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

খাগড়াছড়িতে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫’-এর জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) কামরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় তাঁদের পক্ষে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বাংলাদেশ পুলিশের এমন শিক্ষাবান্ধব ও কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এ সম্মানজনক স্বীকৃতির সুযোগ করে দেওয়ায় পুলিশের আইজিপি, জেলা পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে বক্তারা পুলিশ পরিবারের সন্তানদের এ অর্জনে অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে দেশ, সমাজ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।