আলমগীর মানিক | ০২:২৪ এএম, ২০২৬-০৮-০৩
আলমগীর মানিক
মানুষ মানুষের জন্য—এই মানবিক বার্তাকে সামনে রেখে অসহায় এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি। তার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় শিক্ষা সামগ্রী ও কলেজ ড্রেস উপহার পেয়েছেন রাজস্থলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হ্লাছাই মারমা।
হ্লাছাই মারমা রাজস্থলী উপজেলার এক দিনমজুর পরিবারের সন্তান। আর্থিক সংকটের মধ্যেই তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি হওয়ায় নিয়মিত যাতায়াত ব্যয় বহন করাও তার পরিবারের জন্য কষ্টসাধ্য। এরই মধ্যে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারের দুর্ভোগ আরও বেড়ে যায়। ফলে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে।
শিক্ষার্থীর এমন অসহায় অবস্থার খবর জানতে পেরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করলে প্রতিমন্ত্রীর সহযোগিতায় হ্লাছাই মারমার জন্য নতুন শিক্ষা সামগ্রী ও কলেজ ড্রেসের ব্যবস্থা করা হয়।
পরে রাজস্থলীতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতারা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে থেমে না যায়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বলেন, “কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধু দারিদ্র্যের কারণে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, সেটিই আমাদের প্রত্যাশা। হ্লাছাই মারমার বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত সহযোগিতার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও তার পড়াশোনার প্রয়োজনীয় বই-পুস্তকসহ অন্যান্য সহযোগিতা নিয়ে আমরা পাশে থাকব।”
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোয় মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল ও রাজু আহম্মেদ, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাসিংমং মারমাসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, শিক্ষা থেকে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনির এই উদ্যোগ অসহায় শিক্ষার্থী ও তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে বলে তারা মনে করেন।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited