লংগদু'য় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বােধন করেছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল 


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩২ এএম, ২০২২-০৯-১৪

লংগদু'য় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বােধন করেছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল 

ধর্মীয় অনুশাসন মানুষকে পাপাচার অন্যায় অবিচার থেকে দুরে রাখে এবং সৎ পথে চলতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে,কোন ধর্ম হানাহানি মারামারি সমর্থন করে না, প্রত্যেক ধর্মে শান্তি ও সম্প্রীতির কথা বলা আছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, কোন ধর্মেই মানুষে মানুষে ভেদাভেদ নেই, ধর্ম আলাদা হলেও আমরা সবাই এক অভিন্ন মানুষ।

আমরা সবাই মানুষ এটাই আমাদের বড় পরিচয়। আমাদের সকলকে মিলেমিশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সম্প্রতি বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন বোর্ডের মাধ্যমে জনগণের টাকায় জনগণকে উচ্চতর সোপানে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার তিনি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। দুইদিনের সফরে লংগদু এসে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু , লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র দাশ এবং বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর।

বগাচতর ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, শিবার আগার সভায় সভাপতিত্ব করেন বিনয় প্রশাদ চাকমা সভাপতিত্ব করেন। এছাড়াও গুলশাখালীতে পৃথকভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং গুলশাখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এসময় পৃথক স্থানে বিভিন্ন ইউপির স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই দিনে মারিশ্যাচর শিবার আগা নিম্ন মাধ্যমিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুলশাখালীতে সড়ক পথ, ৭নম্বর মসজিদ ও রসুলপুর রাস্তার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।